
গাইবান্ধা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- রাজঃ- ১৩১৮)-এর নির্বাচিত ও বৈধ কমিটিকে উপেক্ষা করে একটি বহিরাগত চক্র জোরপূর্বক সংগঠনটি দখলের পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ শ্রম আইন ও অনুমোদিত গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওই চক্রটি অবৈধভাবে সমান্তরাল কার্যক্রম, পাতানো নির্বাচন ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় প্রকৃত নির্মাণ শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে, যা থেকে যেকোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় শ্রমিক ও নেতৃবৃন্দ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সংগঠনটির সভাপতি শ্রী দিনেশ চন্দ্র সরকার। এর আগে একই বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে।
সংবাদ সম্মেলন ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত পহেলা মে (২০২৬) অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে ইউনিয়নের বৈধ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। পরবর্তীতে নিয়ম অনুযায়ী ওই বৈধ কমিটির তালিকা যথাযথ দপ্তরে দাখিল করা হয়েছে। কিন্তু ইউনিয়নের সদস্য নন—এমন কিছু বহিরাগত ও অশ্রমিক নামধারী ব্যক্তি কাচারি বাজার এলাকায় একটি অস্থায়ী কার্যালয় স্থাপন করে নিজেদের বৈধ কমিটি দাবি করে আসছেন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, অভিযুক্ত চক্রটি ক্ষমতার দাপট দেখিয়ে গত ২৫ অক্টোবর নির্বাচনের ঘোষণা দিয়ে এলাকায় মাইকিং ও নানামুখী অপপ্রচার চালিয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও সাংঘর্ষিক। এমনকি মোমতাজুর রহমান বাবু নামের এক ব্যক্তিকে ‘প্রধান নির্বাচন কমিশনার’ ঘোষণা দিয়ে তারা সাধারণ শ্রমিকদের মাঝে চরম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বহিরাগতদের এই দখলবাজি ও উসকানিমূলক কর্মকাণ্ড দ্রুত বন্ধ করা না হলে সাধারণ শ্রমিকদের ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে এবং দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘাত অনিবার্য হয়ে উঠবে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সুবাস, সাধারণ সম্পাদক মোহাঃ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক আজগর আলী, কোষাধ্যক্ষ খাজা, প্রচার সম্পাদক সাহাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক ছকু এবং কার্যনির্বাহী সদস্য লুৎফর, স্বাধীন ও সন্তোষ প্রমুখ।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বহিরাগতদের অবৈধ কার্যক্রম ও অপপ্রচার বন্ধের দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস এবং গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত রক্তক্ষয়ী সংঘাত এড়াতে প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শ্রমিক নেতারা।
নিজস্ব প্রতিবেদক 














