
রাজশাহীতে তৎকালীন মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলার রায়ে একমাত্র আসামি বরখাস্ত সেনাসদস্য লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত এবং বিচার বিভাগের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম।
ঘটনাটি ঘটে ঠিক এক বছর আগে, ২০২৫ সালের ১৩ নভেম্বর। সেদিন রাজশাহী মহানগরীর তেরখাদিয়া ডাবতলা এলাকায় বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় হানা দেন লিমন মিয়া। পরিবারের পূর্বপরিচিত হওয়ায় আত্মীয় পরিচয়ে সহজেই বাসার ভেতরে প্রবেশের সুযোগ পান তিনি। ভেতরে ঢুকেই একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যা করেন। এ সময় সন্তানকে বাঁচাতে এগিয়ে এলে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
হত্যাকাণ্ডের পরদিনই লিমন মিয়াকে একমাত্র আসামি করে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামে।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে ঘটনার এক বছরের মাথায় আদালত এ দৃষ্টান্তমূলক রায় দিলেন। রায়ের পর্যবেক্ষণে আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, এটি কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং অত্যন্ত পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সরাসরি বিচার বিভাগের ওপর আঘাত।
নিজস্ব প্রতিবেদক 














