প্রকাশের সময়:
০৯:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
১৯১
বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে উত্তোলন করে রাখা প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করার পর তা লুটপাটের অভিযোগ উঠেছে। প্রশাসনের হেফাজতে থাকা এসব বালু নিলামে বিক্রি করতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখেন, বালুর বড় অংশই উধাও। ফলে শেষ পর্যন্ত নিলাম কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া (কন্নাবাড়ি চরঘাট) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া এলাকায় ঘাঘট নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। খবর পেয়ে গত বছরের ১৪ মার্চ তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) জসিমউদদীন অভিযান চালিয়ে নদী তীরে স্তূপ করে রাখা প্রায় ২১ হাজার সিএফটি বালু জব্দ করেন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। জব্দকৃত বালুগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বারের জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
অভিযোগ উঠেছে, দীর্ঘ এক বছর বালুগুলো প্রশাসনের জিম্মায় থাকলেও স্থানীয় একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে ট্রাক্টরের মাধ্যমে অধিকাংশ বালু সরিয়ে নেয়। বিষয়টি বারবার প্রশাসনকে জানালেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। গত ২৮ মার্চ সকালে অবৈধভাবে বালু পরিবহনের সময় স্থানীয়রা একটি ট্রাক্টর আটক করে পুলিশে দিলেও রহস্যজনক কারণে সেটি ছেড়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার বালুগুলো উন্মুক্ত নিলামে বিক্রির ঘোষণা দেওয়া হয়েছিল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিয়ার রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিলাম সম্পন্ন করতে ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু সেখানে গিয়ে তারা দেখেন, জব্দ তালিকার ২১ হাজার সিএফটি বালুর সিংহভাগই লুট হয়ে গেছে। অবশিষ্ট বালুর পরিমাণ অতি সামান্য হওয়ায় নিলাম কার্যক্রম স্থগিত করা হয়।
এ বিষয়ে নিলামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মশিয়ার রহমান বলেন,”ইউএনও মহোদয়ের নির্দেশে আমরা বালু নিলাম করতে এসেছিলাম। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগেই বালুগুলো গোপনে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাব।”উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান তুলি বলেন,”জব্দ করা বালু লুটপাটের অভিযোগটি আমরা গুরুত্বের সাথে দেখছি। দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
“প্রশাসনের জিম্মায় থাকা সরকারি সম্পদ এভাবে লুটের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এই চরম ব্যর্থতা ও গাফিলতির সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।