প্রকাশের সময়:
০৭:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
১২৪
বার পড়া হয়েছে
যে মাটিতে বাপ-দাদার অধিকার আদায়ের স্বপ্নে বিভোর সাঁওতালরা, সেই বাগদা ফার্মের মাটি আজ রঞ্জিত হলো নিজেদেরই ভ্রাতৃঘাতী সংঘর্ষে। কমিটি গঠন আর নেতৃত্বের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জমি ফেরতের দাবিতে সাঁওতালদের একটি পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। নারী-পুরুষ দলবেঁধে যখন সেই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন, ঠিক তখনই নেতৃত্বের বিরোধে থাকা প্রতিপক্ষ গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ।
হামলায় আহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে, যার মধ্যে নারী সদস্যও রয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকে পুরো বাগদা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ সাঁওতালদের মাঝে বইছে ক্ষোভ ও হতাশা। তাদের দাবি, যেখানে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে একতা জরুরি, সেখানে নেতৃত্বের কোন্দল পুরো আন্দোলনকেই প্রশ্নবিদ্ধ করছে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।