
“গতি, সেবা, ত্যাগ”—এই মূলমন্ত্রকে ধারণ করে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ফায়ার সপ্তাহ-২০২৬’। আজ ২০ মে (বুধবার) জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ও যেকোনো জরুরি পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের কর্মীদের সাহসিকতা ও ত্যাগকে সম্মান জানাতে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সপ্তাহের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন গাইবান্ধার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার জনাব মো: জসিম উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাইবান্ধার উপসহকারী পরিচালক জনাব মো: মাহমুদুল হাসান (বিএফএম)।

আলোচনা সভায় বক্তারা ফায়ার সার্ভিসের আধুনিকায়ন এবং যেকোনো দুর্যোগে তাদের তাৎক্ষণিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “ফায়ার সার্ভিস এখন শুধু আগুন নেভানোর কাজেই সীমাবদ্ধ নয়, যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে তারা সবার আগে ঝাঁপিয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ নাগরিকদেরও অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজের প্রাথমিক জ্ঞান থাকা জরুরি।

পুলিশ সুপার জসিম উদ্দীন বলেন, “উদ্ধার তৎপরতা দ্রুত করতে পুলিশ ও ফায়ার সার্ভিস সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছে। এই ফায়ার সপ্তাহ সাধারণ মানুষের সাথে ফায়ার সার্ভিসের দূরত্ব আরও কমিয়ে আনবে।”
সমাপনী বক্তব্যে উপসহকারী পরিচালক জনাব মো: মাহমুদুল হাসান ফায়ার সার্ভিসের কর্মীদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান এবং সাধারণ জনগণকে ফায়ার সার্ভিসের জরুরি সেবা নম্বরগুলো মনে রাখার অনুরোধ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল উপস্থিত দর্শক ও অতিথিদের সামনে অগ্নিনির্বাপণ, বহুতল ভবন থেকে উদ্ধার কাজ এবং ভূমিকম্পের মতো দুর্যোগে করণীয় বিষয়ে এক রোমাঞ্চকর বাস্তবসম্মত মহড়া প্রদর্শন করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধার আয়োজনে এই ফায়ার সপ্তাহজুড়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় সচেতনতামূলক প্রচারণা এবং মহড়া অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে
নিজস্ব প্রতিবেদক 

















