
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭ নং পবনাপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারের বিশেষ বরাদ্দ ভিজিএফ-এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। চাল কম দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ ভুক্তভোগী ও স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা বর্তমান ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মণ্ডলকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, গত বছরের মতো এবারও চেয়ারম্যান মাহবুবুর রহমান মণ্ডল ভিজিএফ কার্ডধারী অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ১০ কেজি চালের পরিবর্তে প্রতি কার্ডে ৭ কেজি করে চাল দেওয়ার অপচেষ্টা চালাচ্ছিলেন। সুবিধাভোগীরা চালের এই বিশাল ঘাটতি দেখে ক্ষোভে ফেটে পড়েন। তারা জানান, উৎসবের মুখে গরিবের হকের চাল এভাবে কেটে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চাল ওজনে কম দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরে ফেলে বিক্ষুব্ধ জনতা ও স্থানীয় নেতা-কর্মীরা একজোট হয়ে চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে ফেলেন।

তবে চাল কম দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মণ্ডল। তার দাবি, চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না। রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সুপরিকল্পিতভাবে তার চাল বিতরণ কার্যক্রমে বাধা সৃষ্টি করছে এবং পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে।

এদিকে, চাল বিতরণের সময় সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত ট্যাগ অফিসার ফিরোজ কবিরের উপস্থিত থাকার কথা থাকলেও, রহস্যজনকভাবে তার পরিবর্তে রকিবুল ইসলাম নামের অন্য এক কর্মকর্তা সেখানে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ প্রশাসন এবং ওই বিকল্প ট্যাগ অফিসারের উপস্থিতিতেই প্রকাশ্য দিবালোকে গরিবের সরকারি চাল কম দেওয়ার এই অপচেষ্টা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও নানা গুঞ্জন তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ট্যাগ অফিসারের পরোক্ষ শিথিলতা বা অবহেলার কারণেই চেয়ারম্যান ও তার সিন্ডিকেট এভাবে প্রতি কার্ডে ৩ কেজি করে চাল চুরির সাহস পেয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ইউনিয়ন পরিষদ চত্বরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল এবং অবরুদ্ধ চেয়ারম্যানকে মুক্ত করা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। অসহায় মানুষের চাল আত্মসাতের এই অপচেষ্টার বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।
নিজস্ব প্রতিবেদক 

















