
সংবাদের খোঁজে পেশাগত ঝুঁকি আর তৈরি করবে না শঙ্কা। রণক্ষেত্র কিংবা উত্তাল রাজপথ—সত্য প্রকাশের লড়াইয়ে এখন থেকে সাংবাদিকদের সঙ্গে থাকছে নিরাপত্তার অদৃশ্য বর্ম।
ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’ (BJPC) নিয়েছে এক অনন্য উদ্যোগ। শনিবার খুলনার অরণ্য ইকো গার্ডেনে আয়োজিত দিনব্যাপী এক অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৬০ জন মাঠপর্যায়ের সাংবাদিকের হাতে তুলে দেওয়া হয় বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট ও ইয়ারমাফসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম।

বিজেপিসির সভাপতি কৌশিক দে-র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবিরের পরিচালনায় খুলনার অরণ্য ইকো গার্ডেনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খুলনা, বাগেরহাট, মাগুরা, মেহেরপুরসহ নড়াইল, যশোর ও ঝিনাইদহের দুই শতাধিক সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে খুলনা বিভাগের এই সাধারণ সভা ও নিরাপত্তা সামগ্রী বিতরণ সম্পন্ন হয়।

শুধু সরঞ্জাম বিতরণই নয়, এদিন অরণ্য ইকো গার্ডেন যেন হয়ে উঠেছিল সারা দেশের সাংবাদিকদের এক মিলনমেলা। নিরাপত্তা সরঞ্জাম বিতরণের পাশাপাশি আয়োজিত হয় সংগঠনটির খুলনা বিভাগের প্রায় দুই শতাধিক স্থায়ী সদস্যকে নিয়ে এক জাঁকজমকপূর্ণ সাধারণ সভা।
নিজস্ব প্রতিবেদক 








