
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের মাঠ গোছাতে জোরেশোরে মাঠে নেমেছে গাইবান্ধা সদর থানা বিএনপি। শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তৃণমূলের অভ্যন্তরীণ ঐক্য সুসংহত করার পাশাপাশি সদরের ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, তৃণমূলের ঐক্যই বিএনপির মূল চালিকাশক্তি। সব ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে জনমত গঠন ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল দলের হাইকমান্ডের নির্দেশনার আলোকে আগাম প্রস্তুতি নেওয়ার জন্য নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

সদর থানা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকছুদার রহমান মাস্টারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,আব্দুল মোন্নাফ আলমগীর, সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপি,আনিছুর রহমান নাদিম, সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি, ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি,মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, নুরে আলম সিদ্দিক পিটন ও হারুন অর রশিদ রাহাত খান, সাংগঠনিক সম্পাদকদ্বয়, সদর থানা বিএনপি।

সভায় সদর থানার আওতাধীন বিভিন্ন স্তরের নেতাকর্মীদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ১৩টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হয়। জেলা ও থানা শীর্ষ নেতৃত্ব যাচাই-বাছাই শেষে এই তালিকা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রস্তুত রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 


















