
দীর্ঘদিন শূন্য থাকার পর অবশেষে গাইবান্ধা সদর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে পদায়ন করা হয়েছে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. নাজমুল শাহাদাত ফাহিমকে।
রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই পদায়ন নিশ্চিত করা হয়। আদেশে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে মো. নাজমুল শাহাদাত ফাহিমকে (পরিচিতি নম্বর: ৪১০০০২০) গাইবান্ধা সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে। সেই সাথে আজ অফিসিয়ালি যোগ করেছেন।
তাঁর নিজ জেলা গাজীপুর। একই সাথে তাঁকে নিজ অধিক্ষেত্রে রেন্ট সার্টিফিকেট মামলা পরিচালনার লক্ষ্যে সার্টিফিকেট অফিসারের ক্ষমতা প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত জুলাই ২০২৬ থেকেই গাইবান্ধা সদর উপজেলা ভূমি অফিসে স্থায়ী কোনো এসিল্যান্ড ছিলেন না। ফলে নামজারি (মিউটেশন), জমা-খারিজ, খতিয়ান সংশোধন, ভূমি কর আদায়সহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রম চরমভাবে স্থবির হয়ে পড়ে। দীর্ঘ সময় দায়িত্বপ্রাপ্ত কোনো স্থায়ী কর্মকর্তা না থাকায় চরম দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছিলেন উপজেলার সাধারণ সেবাগ্রহীতা ও এলাকাবাসী।
নতুন এই কর্মকর্তার পদায়ন এবং যোগদানের মধ্য দিয়ে উপজেলা ভূমি অফিসের কার্যক্রমে দীর্ঘদিনের স্থবিরতা কেটে গতিশীলতা ফিরবে এবং সেবা নিতে আসা নাগরিকদের দুর্ভোগ লাঘব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী সেবাগ্রহীতারা।
নিজস্ব প্রতিবেদক 


















