
“যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি।”—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভোটারদের কাছে ক্ষমা চাওয়ার কয়েক ঘণ্টার মাথায় দল থেকে বহিষ্কার হলেন জামালপুর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাকিরুল হক।
ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি আরও লেখেন, “আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস, কল দিয়েন না… দলের আগে দেশ, আমি দেশের পক্ষে, সাধারণ জনগণের পক্ষে। আমি সবসময় দেশের মানুষের পক্ষে আছি।”
পোস্টটি ছড়িয়ে পড়ার পর সোমবার (২১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকিরুলকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্তের অনুমোদন দেন।
বিজ্ঞপ্তিতে ফেসবুক পোস্টের কোনো প্রত্যক্ষ উল্লেখ না রেখে বলা হয়, “সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে” তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কৃত ছাত্রদল নেতা জাকিরুল হক জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা পূর্বপাড়া এলাকার সামিউল হকের ছেলে। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির পর ক্ষোভ থেকেই সকালে ফেসবুকে সাধারণ মানুষের পক্ষে কথা বলেছিলাম। সেই পোস্ট দেওয়ার কারণেই আমাকে কোনো কারণ দর্শানো ছাড়া বহিষ্কার করা হয়েছে।”
নিজস্ব প্রতিবেদক 


















