
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে ধারণ করে গাইবান্ধায় তিন মাস মেয়াদী আবাসিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী, পুরস্কার বিতরণ এবং উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে ‘গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক’ তিন মাস মেয়াদী (০১ জুলাই হতে ৩০ সেপ্টেম্বর) আবাসিক কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। একই সঙ্গে কেন্দ্রে চলমান বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক ২ দিনব্যাপী নতুন একটি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোতাহার হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দক্ষ যুবসমাজই একটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়া ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কোর্সটি সফলভাবে সম্পন্নকারী সেরা প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট, পুরস্কার ও সনদ তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 








