
গাইবান্ধা সরকারি কলেজের মূল প্রবেশদ্বারে থাকা প্রতিষ্ঠানের স্থায়ী নামফলক কাপড়ের তোরণ বানিয়ে পুরোপুরি ঢেকে দেওয়ার ঘটনায় কলেজজুড়ে তীব্র বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের কোনো পূর্বানুমতি ছাড়াই ঔদ্ধত্যপূর্ণভাবে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের নামফলক আড়াল করায় নড়েচড়ে বসেছে কলেজ প্রশাসন। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে ৩ জন কর্মকর্তার সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

জানা যায়, ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ফটকে থাকা কলেজের নিজস্ব পরিচিতি ফলকটি ঢেকে তোরণ নির্মাণ করা হয়। এমন ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানের নাম এভাবে ঢেকে ফেলাকে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার চরম লঙ্ঘন ও দৃষ্টিকটু কাজ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনার প্রেক্ষিতে কলেজ অধ্যক্ষের স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে বলা হয়, প্রধান ফটকে কলেজের নাম ঢেকে অনুমোদনহীনভাবে গেট নির্মাণের বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটিকে সরেজমিনে তদন্ত পরিচালনা করে আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি, প্রশাসনের তোয়াক্কা না করে কার স্বার্থে বা কোন উদ্দেশ্যে এমন বেআইনি কাজ করা হলো, তদন্তের মাধ্যমে তা অবিলম্বে প্রকাশ্যে এনে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নিজস্ব প্রতিবেদক 
















