
গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় নির্মমভাবে নিহত পোশাক শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে নিহতের বাড়িতে ছুটে যান স্থানীয় প্রশাসন।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় তিনি তৌফিকের স্ত্রী সেতু মনি ও ভাই হারুন উর রশিদের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ লাখ টাকার আর্থিক অনুদান তাদের হাতে তুলে দেন।
অনুদান হস্তান্তরের পাশাপাশি মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে, তৌফিক হত্যায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার কঠোর হুশিয়ারিও দেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিজস্ব প্রতিবেদক 









