
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়া (হাজড়াপাড়া) গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—দশলাল গ্রামের ফরহাদ আলীর মেয়ে মিম আক্তার (৩) এবং তার ফুফাতো বোন আফরিন আক্তার (৩)। আফরিন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কবির মণ্ডলের মেয়ে; সে কয়েক দিন আগে পরিবারের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মিম ও আফরিন বাড়ির উঠানে একসঙ্গে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে সন্দেহবশত পুকুরে সন্ধান চালালে দুই শিশুর নিথর দেহ ভেসে ওঠে। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করা হলেও ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়।
একই পরিবারের দুই নিষ্পাপ শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. জহুরুল হক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।
নিজস্ব প্রতিবেদক 








