প্রকাশের সময়:
০৮:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
১৪০
বার পড়া হয়েছে
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নে এক বহুমাত্রিক প্রতিবন্ধী (শারীরিক ও মানসিক) নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত লম্পট তাহিদ হাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার এসআই রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, কুপতলা গ্রামের কুখ্যাত ও লম্পট প্রকৃতির তাহিদ হাজী দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন নারী ও যুবতীকে উত্ত্যক্ত করে আসছিল। মামলার বাদী ও নির্যাতিতা নারীর স্বামী আশরাফুল ইসলাম জানান, তার দুই সন্তানের জননী ওই বহুমাত্রিক প্রতিবন্ধী স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও নানা অঙ্গভঙ্গিতে উত্যক্ত করে আসছিল বখাটে তাহিদ।
গত ২৯ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে নির্যাতিতা নারী বাড়ির পাশের তাহিদ হাজীর নার্সারিতে শুকনা পাতা কুড়াতে যান। এ সময় লম্পট তাহিদ তাকে একা পেয়ে পেছন থেকে জোরপূর্বক জাপটে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌনকামনা চরিতার্থ করার চেষ্টা চালায়। একপর্যায়ে ওই প্রতিবন্ধী নারী ধস্তাধস্তি করে জীবন নিয়ে দৌড়ে পালিয়ে বাড়িতে এসে স্বামী ও আশপাশের লোকজনকে ঘটনাটি জানান। এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগীর স্বামী আশরাফুল ইসলাম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
স্থানীয়দের ক্ষোভ প্রকাশ করে বলেন, সমাজে এ ধরনের লম্পট ও বিকৃত মানসিকতার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অপরাধের মাত্রা আরও বাড়বে। পুলিশ অভিযুক্তকে আইনের আওতায় আনায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।