
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বৈরাগীহাট ও কামদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কামদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকিরুল ইসলাম এবং শাখাহার ইউনিয়ন স্থানীয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাদা মুরাদ সুমন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৈরাগীহাট ও কামদিয়া ইউনিয়নের পৃথক স্থান দুটিতে অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ নিজ এলাকা থেকে ওই দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম এ বিষয়ে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিজস্ব প্রতিবেদক 
















