
গাইবান্ধা জেলা প্রেস ক্লাবের গঠনতন্ত্রবিরোধী ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অপরাধে বহিষ্কৃত এক নেতার বিরুদ্ধে সত্য প্রকাশ করায় স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে নগ্ন, মানহানিকর ও ষড়যন্ত্রমূলক হয়রানি শুরু হয়েছে। প্রেস ক্লাবের বৈধ ও সর্বসম্মত সিদ্ধান্তকে আড়াল করতে এবং সত্যের কণ্ঠরোধ করতে অভিযুক্ত ব্যক্তি উল্টো থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ধৃষ্টতা দেখিয়েছেন। এই অপেশাদার, উদ্দেশ্যপ্রণোদিত ও গর্হিত আচরণের তীব্র নিন্দা ও কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন জেলার সর্বস্তরের সাংবাদিক সমাজ।
প্রাসঙ্গিক ও নির্ভরযোগ্য নথিপত্র থেকে জানা যায়, গাইবান্ধা জেলা প্রেস ক্লাবের সভাপতি স্বাক্ষরিত এবং গত ১১ অক্টোবর ২০২৬ তারিখের সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী স্মারক নম্বর— গাই/জে/প্র/১১/২৬ মূলে আমজাদ হোসেনকে প্রেস ক্লাব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। ওই বহিষ্কারপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল যে, প্রেস ক্লাবের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এবং সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্তেই তাকে এই অব্যাহতি দেওয়া হয়েছে। এমনকি বহিষ্কারের তারিখ থেকেই তার ব্যক্তিগত বা অন্য যেকোনো পরিচয়ে পরিচালিত কোনো কর্মকাণ্ডের দায়ভার জেলা প্রেস ক্লাব বহন করবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়।
অথচ শাক দিয়ে মাছ ঢাকার মতো নিজের পাহাড়সম অপরাধ ধামাচাপা দিতে এবং গত ৮ নভেম্বর ‘গণ উত্তরণ’ পত্রিকায় প্রকাশিত বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদকে বিতর্কিত করতে উঠেপড়ে লেগেছে ওই বহিষ্কৃত চক্র। স্বাধীন সাংবাদিকতাকে ভয়ভীতি দেখাতে এবং প্রেস ক্লাবের মতো একটি মর্যাদাপূর্ণ ও ঐতিহ্যবাহী সংগঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে থানায় জিডি করার মতো ঔদ্ধত্য দেখিয়েছেন অভিযুক্তরা।
অনুসন্ধানে আরও জানা গেছে, বহিষ্কৃত এই আমজাদ হোসেন বিগত কিছুদিন ধরেই নানামুখী অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়েছিলেন। তিনি কখনও প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে, আবার কখনও প্রেস ক্লাবের লোগোযুক্ত গেঞ্জি পরে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, সদ্য নিয়োগকৃত সারের ডিলার, ঠিকাদার, শিক্ষকসহ নানা স্তরের লোকজনের নিকট থেকে ভয়ভীতি দেখিয়ে অনৈতিক সুবিধা ও চাঁদা আদায় করার মতো ঘৃণ্য অপরাধ করে আসছিলেন। তার এসব অপকর্মের দালিলিক প্রমাণ সাংবাদিকদের হাতে রয়েছে।
সচেতন সাংবাদিক সমাজ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে, সুনির্দিষ্ট দালিলিক প্রমাণ ও প্রেস ক্লাবের অফিশিয়াল সিদ্ধান্তভিত্তিক এই সংবাদ প্রকাশের জেরে কোনো ধরনের জিডি, হুমকি বা ষড়যন্ত্রই সাংবাদিকদের সত্য প্রকাশ থেকে পিছপা করাতে পারবে না। অবিলম্বে এই হয়রানিমূলক জিডি প্রত্যাহার করা না হলে গাইবান্ধার আপামর সাংবাদিক সমাজ আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। সত্যের পক্ষে গাইবান্ধার গণমাধ্যমকর্মীগণ সর্বদা ঐক্যবদ্ধ এবং আপসহীন রয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 
















