
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ১৬০ জনকে আসামি করে গাইবান্ধার সাদুল্লাপুর থানায় পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলামেরবাদী হয়ে করা এই মামলায় চাঞ্চল্যকর বিষয় হলো—এজাহারে নামীয় দুই সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন খোদ যুবদলের দুই শীর্ষস্থানীয় নেতা!
মামলার বাদী ও পুলিশ দাবি করেছে, আসামিরা সরকারবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও চক্রান্তে লিপ্ত থাকায় এই অভিযান চালানো হয়েছে। ইতোমধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তারও করেছে।
তবে এই মামলাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। মামলার এজাহারে নাম থাকা সাক্ষীরা হলেন—উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আল পারভেজ ও জামালপুর ইউনিয়ন যুবদল নেতা মাইদুল ইসলাম। তাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা দুজনেই রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়েছিলেন।
এদিকে গ্রেপ্তারকৃতদের মধ্যে লিটন মিয়া নামের এক মাইক্রোবাস চালককে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তার পরিবার ও স্বজনদের দাবি, কিছুদিন আগে লিটনের মোবাইল ফোন হারিয়ে যায় এবং সেই হারানো অ্যাকাউন্ট থেকেই সরকারবিরোধী পোস্ট করা হয়েছিল। বিষয়টি লিটন নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রশাসনকে অবহিত করলেও শেষ রক্ষা হয়নি, পুলিশ তাকে ঠিকই গ্রেপ্তার করেছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ ও নাশকতা রোধের অংশ হিসেবেই আসামিদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 














