
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘মব’ সৃষ্টি করে এক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করা এবং হুমকি দেওয়ার অভিযোগে সজীব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সজীব উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার ২নং কাটাবাড়ী ইউনিয়নের বাগদা বাজার এলাকার মাহমুদ বাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামকে সম্প্রতি একদল লোক নিয়ে (‘মব’ সৃষ্টি করে) জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন সজীব।
সম্প্রতি ওই শিক্ষককে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে এবং অভিযোগের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সজীবকে গ্রেফতার করে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

















