
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিগত সংসদ নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। একই সাথে পতিত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটও বর্তমান সরকারকে উত্তরাধিকার সূত্রে বহন করতে হচ্ছে। এই অনিচ্ছাকৃত সংকটের জন্য সংসদে জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করা হয়েছে। তবে এ সংকট কাটিয়ে উঠতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নানামুখী বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছে।
আজ দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে উন্নয়ন নিয়ে নজিরবিহীন বৈষম্য করা হয়েছে। যার নির্মম শিকার হয়েছে গাইবান্ধার মতো অবহেলিত ও উন্নয়নবঞ্চিত জনপদ। তবে বর্তমান সরকারের সময়ে কোনো জেলা বৈষম্যের শিকার হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সম্পূর্ণ বদ্ধপরিকর।
প্রেস ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী গাইবান্ধা জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক ডা. ময়নুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামসহ জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক 








