
কোনো সুপারিশ নয়, নেই কোনো স্বজনপ্রীতি বা আর্থিক লেনদেনের সুযোগ—সম্পূর্ণ জনসম্মুখে স্বচ্ছ বাক্সে লটারির মাধ্যমে বেছে নেওয়া হলো ১০ জন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীকে। আগামী তিন বছরের জন্য নিশ্চিত হলো তাদের প্রতিদিন ৩০০ টাকা হারে উপার্জনের কর্মসংস্থান।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) গাইবান্ধা সদর উপজেলার ৮ নং বোয়ালী ইউনিয়ন পরিষদ চত্বরে ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান (আরআরএমইপি)’ শীর্ষক প্রকল্পের আওতায় সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নির্বাচনের তথ্যসংগ্রহ ও ডাটাবেইজ তৈরি কার্যক্রম সম্পন্ন হয়।
জানা যায়, বোয়ালী ইউনিয়নের ৩১৬ জন দুস্থ নারী কর্মী হওয়ার আবেদন করেছিলেন। সকলের উপস্থিতিতে স্বচ্ছ বাক্সে লটারি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে ১০ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিত এই নারী কর্মীরা প্রকল্পের মেয়াদকালীন (আগামী ৩ বছর) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কাজ করবেন। তারা নির্ধারিত দৈনিক ৩০০ টাকা মজুরির পাশাপাশি সরকার ঘোষিত সকল ছুটির সুবিধাও পাবেন।

প্রকল্প ডাটাবেইজ তৈরিতে স্বচ্ছতা বজায় রেখে নির্ধারিত ছকে নারীদের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, বর্তমান পেশা ও লটারির নম্বর নির্ভুলভাবে অন্তর্ভুক্ত করা হয়।
স্বচ্ছ এই নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সদর উপজেলা প্রকৌশলী মোঃ বাবলু মিয়া বলেন, “সরকারের এমন মহৎ ও স্বচ্ছ পদক্ষেপের কারণে সুবিধাবঞ্চিত নারীরা মধ্যস্বত্বভোগী ও টাউট-বাটপাড়দের আর্থিক শোষণ থেকে রক্ষা পেয়েছেন। গাইবান্ধা সদরের প্রতিটি ইউনিয়নেই একইভাবে জনসম্মুখে লটারির মাধ্যমে নিরপেক্ষভাবে কর্মী নির্বাচন সম্পন্ন করা হচ্ছে।

বোয়ালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবু মিয়া জানান, “আজকে নির্বাচিত ১০ জনের পাশাপাশি অন্যান্য কর্মহীন নারীদের জন্যও পর্যায়ক্রমে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণে সরকার আন্তরিক।
উল্লেখ্য, এর আগে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর, বল্লমঝাড়, সাহাপাড়া, মালিবাড়ী, কুপতলা এবং রামচন্দ্রপুর ইউনিয়নে একইভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মকছুদার রহমান মাস্টার, নির্বাহী প্রকৌশলী প্রতিনিধি, সমাজবিজ্ঞানী প্রদীপ কুমার সরকার, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়দের মতে, জবাবদিহিমূলক ও স্বচ্ছ প্রক্রিয়ায় নারী কর্মী নির্বাচন এবং দৈনিক মজুরিভিত্তিক এই প্রকল্প একদিকে গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়ন ঘটাবে, অন্যদিকে পিছিয়ে পড়া নারীদের আর্থসামাজিক স্বাবলম্বিতা অর্জনে বড় ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক 















