
সামরিক বাহিনীর উচ্চতর কোর্সে অংশ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে সিএমএইচে চিকিৎসার অংশ হিসেবে করানো ডোপ টেস্টেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য—শরীরে মিলেছে নিষিদ্ধ মাদকের উপস্থিতি। এর জের ধরে পুলিশ সুপার (টিআর) এ এফ এম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করা হয়। জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, বরখাস্তের এই সিদ্ধান্ত গত ৩১ আগস্ট থেকে কার্যকর ধরা হয়েছে।
বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এই পুলিশ কর্মকর্তা গত ৮ জানুয়ারি মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি-২০২৬) কোর্সে অংশ নেন। প্রশিক্ষণ চলাকালে গত ৭ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার ডোপ টেস্ট করানো হলে মূত্রে ক্ষতিকর সিডেটিভ ‘বেনজোডায়াজেপিনস’ এবং কড়া উত্তেজক ড্রাগ ‘অ্যাম্ফিটামিন/মেথঅ্যাম্ফিটামিন’-এর পজিটিভ উপস্থিতি শনাক্ত হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, একজন পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ড সামরিক কোর্সের শৃঙ্খলা এবং পেশাগত মর্যাদার চরম পরিপন্থি। ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী বিষয়টি গুরুতর ‘অসদাচরণ’ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হওয়ায় তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হলো।
জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক তিনি কেবল জীবনধারণ বা খোরপোষ ভাতা পাবেন।
নিজস্ব প্রতিবেদক 
















