
যান্ত্রিক জনজীবনের ব্যস্ততা ঠেলে একটু স্বস্তির আশায়, শান্তিতে দুটো প্রশ্বাসের খোঁজে যেখানে ছুটে আসে শহরের মানুষ—সেই গাইবান্ধা পৌর পার্কের এখন মরণদশা। পার্কটির চিরচেনা সেই স্নিগ্ধ পরিবেশ এখন উধাও। সাধারণ মানুষের বিনোদনের একমাত্র রাষ্ট্রীয় এই জায়গাটিকে একশ্রেণীর অসাধু চক্র বানিয়ে ফেলেছে প্রকাশ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। সেখানে চলছে রমরমা বাণিজ্য, যার বাস্তব ও কুৎসিত রূপটি আরও একবার ফুটে উঠেছে পবিত্র ঈদুল আজহার দিনে।
আজ ঈদের দিন বিকেলে সরেজমিনে পৌর পার্কে গিয়ে দেখা যায় তিল ধারণের জায়গা নেই। ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার-পরিজন, বিশেষ করে শিশুদের নিয়ে দলে দলে মানুষ ছুটে এসেছেন পৌর পার্কে। কিন্তু পার্কের ভেতরে পা রাখতেই উৎসবের আনন্দ রূপ নিয়েছে তীব্র ক্ষোভ আর বিরক্তিতে।

সাধারণ মানুষের হাটার পথ, বসার জায়গা কিংবা শিশুদের ছোটাছুটির উন্মুক্ত স্থানগুলো দখল করে বসেছে অসংখ্য ভ্রাম্যমাণ দোকানপাট। পুরো পার্ক এলাকা জুড়ে যেন মেলা বসানো হয়েছে। বিভিন্ন খেলনা, খাবারের দোকান আর নানা রকম বাণিজ্যিক রাইড বসিয়ে সাধারণ মানুষের পকেট কাটার উৎসব চলছে। যে পার্কটি হওয়ার কথা ছিল প্রকৃতির মাঝে একটু জিরিয়ে নেওয়ার জায়গা, সেটি এখন রূপ নিয়েছে এক ঘিঞ্জি বাজারে।
পার্কে আসা ক্ষুব্ধ সাধারণ মানুষ ও দর্শনার্থীদের অভিযোগ, পার্কের ভেতরের এই বিশৃঙ্খল পরিবেশের কারণে পরিবার নিয়ে শান্তিতে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই। চারদিকে শুধু টাকার খেলা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, এখানে দোকান বসাতে নির্দিষ্ট মহলকে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে।
আজকের এই পবিত্র ঈদের দিনে যেখানে সাধারণ মানুষের মুখে হাসি থাকার কথা, সেখানে পার্কের এই বাণিজ্যিকীকরণের রমরমা ব্যবসা দেখে সচেতন মহলের মনে একটাই প্রশ্ন—”পৌর পার্কের এই অব্যবস্থাপনার নামে যে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, সেই টাকা আসলে কার পকেটে যাচ্ছে?”
একটি সরকারি বা স্বায়ত্তশাসিত বিনোদন কেন্দ্রকে এভাবে নিয়মনীতির তোয়াক্কা না করে কীভাবে বাণিজ্যিক মেলায় রূপান্তর করা হলো, তা নিয়ে শহরজুড়ে চলছে তুমুল সমালোচনা। পার্কের এই নৈরাজ্যকর পরিস্থিতি এবং অবৈধ টাকা লেনদেনের দায় কি এড়াতে পারে পৌর কর্তৃপক্ষ?

সুশীল সমাজের দাবি, অবিলম্বে এই অবৈধ বাণিজ্য বন্ধ করে গাইবান্ধা পৌর পার্কের স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা হোক। একই সাথে, এই রমরমা ব্যবসার নেপথ্যে থাকা সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
সেই সাথে পৌরবাসীর এখন একটাই বড় প্রশ্ন—”কে বা কারা খাচ্ছে এই টাকা? সাধারণ মানুষের বিনোদনের অধিকার কেড়ে নেওয়ার জবাব কি দিতে পারবে পৌর প্রশাসন?”
নিজস্ব প্রতিবেদক 














