
গাইবান্ধা সদর উপজেলার পিয়ারাপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র ফাহমিদ রুমন (১৯) হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঘটনার পর থেকে দীর্ঘ দিন আত্মগোপনে থাকা ঘাতক বাবা ও ছেলেকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১ জুলাই) বিকেল ৩টার দিকে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের রেজাউল করিম ছানা (৫৫) এবং তার ছেলে ও মামলার দ্বিতীয় প্রধান আসামি মো. নাসিরুল আহসান আকিব (৩৫)।
র্যাব ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, পূর্ব পিয়ারাপুর এলাকায় বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত ৭ জুন রাতে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফাহমিদ রুমন তার বড় ভাই ফারদিন রুহিতকে বাঁচাতে এগিয়ে আসেন।
এ সময় ঘাতকরা রুমনকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হামলায় তার বড় ভাই রুহিতও গুরুতর আহত হন।
সন্তান হারানোর পর গত ৯ জুন নিহত রুমনের মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির গুরুত্ব বিবেচনা করে ছায়া তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ (গাইবান্ধা ক্যাম্প) ও র্যাব-১ (গাজীপুর ক্যাম্প)-এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে।
অবশেষে মঙ্গলবার (৩০ জুন) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাহেরারছলা এলাকার সোয়াইব মার্কেটের সামনে থেকে প্রথমে পিতা রেজাউল করিম ছানাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে মাওনা বাজার রোডের খোদাবক্স সুপার মার্কেট এলাকা থেকে ছেলে নাসিরুল আহসান আকিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গইবান্ধা র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের ধরতেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 














