
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) এবং ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচন। সোমবার জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, নতুন এই কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে ডা. মো. ফেরদৌস হোসেন এবং সেক্রেটারি পদে মো. মাহামুদুন নবী টিটুল নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির পাঁচটি সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন—মো. শহীদুজ্জামান শহীদ,রাগিব হাসান চৌধুরী,মো. সাহেদ হোসেন,মোছা. রেবেকা সুলতানা,শাকিল আহম্মেদ।
নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট মো. মঞ্জুর মোর্শেদ বাবু, অ্যাডভোকেট মো. সায়েম মণ্ডল, অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন (জাহাঙ্গীর), মো. আসাদুল্লাহ্ এবং সদস্য-সচিব ও ইউএলও সাইদুর হাসান শাওন স্বাক্ষর করে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন।
এর আগে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটিকে উষ্ণ অভিনন্দন জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই নেতৃত্ব আগামী দিনগুলোতে গাইবান্ধার অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করবে।
নিজস্ব প্রতিবেদক 














