
গাইবান্ধার সাঘাটা উপজেলায় সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে অভিনব প্রতারণার মাধ্যমে প্রায় ৬৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গাইবান্ধা সদরের এক দম্পতির বিরুদ্ধে। ভুক্তভোগীদের সর্বস্বান্ত করে বর্তমানে ওই প্রতারক দম্পতি সপরিবারে গা ঢাকা দিয়েছে।
অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত সেলিম ও তার স্ত্রী ববিতা—উভয়েই গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী গ্রামের বাসিন্দা। সম্প্রতি তারা সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বগারভিটা গ্রামে একটি বাসা ভাড়া নেন। স্থানীয়দের কাছে নিজেদের আত্মীয় পরিচয় দিয়ে তারা সুকৌশলে এলাকায় জাঁকিয়ে বসেন এবং গ্রামের সহজ-সরল ও দরিদ্র মানুষকে টার্গেট করে নানা লোভনীয় প্রলোভন দেখাতে শুরু করেন।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, গত তিন-চার মাসের ব্যবধানে বিভিন্ন ভুয়া প্রকল্পের ফাঁদে ফেলে তারা হাতিয়ে নেন প্রায় ৬৫ লাখ টাকা। এর মধ্যে রয়েছে,
বিনামূল্যে সেলাই মেশিন প্রশিক্ষণ: আড়াই লাখ (২,৫০,০০০) টাকা, টিসিবি পণ্য দেওয়ার নাম করে: ছয় লাখ ষাট হাজার (৬,৬০,০০০) টাকা। সরকারি অর্থে বাড়িঘর নির্মাণ করে দেওয়ার প্রলোভনে: ৩৫ লাখ টাকা। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে: ২১ লাখ টাকা।বগারভিটাসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েকশ নিরীহ পরিবার এই দম্পতির প্রতারণার শিকার হয়েছেন। স্থানীয়দের কষ্টের সঞ্চয় ও সহায়-সম্পত্তি হাতিয়ে নেওয়ার পর গত কয়েকদিন ধরে তাদের কোনো সন্ধান মিলছে না। বাড়ি তালাবন্ধ রেখে সপরিবারে চম্পট দিয়েছে তারা।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই প্রতারক দম্পতিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং সাধারণ মানুষের আত্মসাৎকৃত টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
নিজস্ব প্রতিবেদক 

















