
গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গীদারি কালিবাজার এলাকায় মাত্র ৩ বছর বয়সী এক অবুঝ ছেলে শিশুকে বলাৎকারের শিকার হতে হয়েছে বলে অত্যন্ত জঘন্য ও লোমহর্ষক অভিযোগ উঠেছে। এই পাশবিক ও অমানবিক ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার ‘আকাশ’ নামের এক বখাটে কিশোরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে গেলে, তা ধামাচাপা দিতে এক জনপ্রতিনিধির নগ্ন হস্তক্ষেপ ও ক্ষমতার দাপট দেখানোর ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুন তারিখে দক্ষিণ গীদারি কালিবাজার এলাকায় ৩ বছরের ওই শিশুটিকে পাশবিকভাবে বলাৎকার করে বখাটে কিশোর আকাশ। এই নৃশংস ঘটনার পর তীব্র মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত পরিবারটি আইনগত সহায়তার জন্য সংশ্লিষ্ট থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়।
কিন্তু আইনের তোয়াক্কা না করে এবং অপরাধীকে আড়াল করতে সেখানে হাজির হন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মোস্তফা কামাল। ভুক্তভোগী অসহায় পরিবারের দাবি, থানায় অভিযোগ দায়েরের মুহূর্তে ইউপি সদস্য মোস্তফা কামাল সেখানে উপস্থিত হয়ে ক্ষমতার অপব্যবহার করেন।
তিনি শিশুটির দরিদ্র ও অসহায় মা-বাবাকে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখান এবং একপর্যায়ে থানা থেকে জোরপূর্বক বাইরে নিয়ে যান। ওই জনপ্রতিনিধির প্রকাশ্য বাধায় শেষ পর্যন্ত ভুক্তভোগী পরিবারটি থানায় লিখিত অভিযোগ জমা দিতে পারেনি। একটি স্পর্শকাতর ও ফৌজদারি অপরাধের ঘটনাকে টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার এই অপচেষ্টায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আকাশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে বলে জানা গেছে।
এদিকে, একজন জনপ্রতিনিধি হয়েও কেন আইনের আশ্রয় নিতে বাধা দিলেন—এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত ইউপি সদস্য মোস্তফা কামাল ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে সম্পূর্ণ অস্বীকৃতি জানান। ক্যামেরার মুখোমুখি হতে তার এই অনীহা এবং পালিয়ে বেড়ানোর ঘটনা মূলত ভুক্তভোগী পরিবারের অভিযোগের সত্যতাকেই আরও জোরালো করে তুলেছে।

অন্যদিকে, এই স্পর্শকাতর ও ন্যক্কারজনক ঘটনা এবং থানায় এসেও অভিযোগ দিতে না পারার বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের এই রহস্যজনক নীরবতা নিয়েও সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
একটি ৩ বছরের নিষ্পাপ শিশুর ওপর এমন পৈশাচিক নির্যাতনের পর বিচার না পেয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। তারা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ মূল অপরাধী আকাশ এবং অপরাধ আড়ালকারী ইউপি সদস্য মোস্তফা কামালের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ ও তীব্র দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 

















