
গাইবান্ধা জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার এবং অবৈধ ক্যাসিনোবিরোধী অভিযানে প্রশংসনীয় ভূমিকা রাখায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোত্তালিবকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার জসিম উদ্দিন আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, “জেলায় অপরাধ দমন, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে আপসহীন অভিযান এবং মাদক নিয়ন্ত্রণে ডিবি পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। ওসি আব্দুল মোত্তালিবের নেতৃত্বে গোয়েন্দা শাখার এ ধরনের দায়িত্বশীল ও সাহসী কর্মকাণ্ড জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বড় অবদান রাখছে।” তিনি আরও জানান, ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা অন্যান্য কর্মকর্তাদেরও পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।
উল্লেখ্য, গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি আব্দুল মোত্তালিবের নেতৃত্বে বেশ কয়েকটি বড় ধরনের মাদক চালান জব্দ, জুয়া ও অবৈধ ক্যাসিনোর আস্তানা গুঁড়িয়ে দেওয়াসহ চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হয় ডিবি পুলিশ।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে ডিবি ওসি আব্দুল মোত্তালিব বলেন, “পুলিশ সুপার মহোদয়ের এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। গাইবান্ধাকে মাদক, সন্ত্রাস ও অবৈধ জুয়ামুক্ত রাখতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 

















